
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন সভার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী এবং উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলের ওই সভার পর অভিযান চালিয়ে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ সংলগ্ন রোসাংগিরী এলাকার একটি বিশ্রামাগারে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা সটকে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে বিশ্রামাগারে সভাটি অনুষ্ঠিত হয় সেটি মাইজভান্ডারি ভক্তদের জন্য নির্মিত। এটি সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
