
রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ত্যাগী নেতারা ঘুম থেকে উঠে নেতা হননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বড় নেতা সাজার প্রবণতা পরিহার করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া ফলাহাজীর বাড়ি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
হুমাম কাদের চৌধুরী বলেন, মঞ্চে ওঠা বা নেতার সঙ্গে ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করা মোটেও ভালো বিষয় নয়। দলের পরীক্ষিত নেতারা বহু কষ্ট করে, জেল খেটে এবং হামলার শিকার হয়ে আজকের অবস্থানে এসেছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, দলে ভালো মানুষদের সম্পৃক্ত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। গত ১৭ বছর যারা দলের সঙ্গে ছিলেন না, তারা এখন পদবির জন্য চেষ্টা করছেন। তাই দলে কারা যুক্ত হবেন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নদীতে অবৈধ ড্রেজার চালানোর বিষয়ে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, গভীর রাতে নদীতে ড্রেজার চললে তা আটকানোর প্রাথমিক দায়িত্ব স্থানীয়দের। আটকানোর পর তাদের প্রশাসনের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
নির্বাচনের আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এলাকার সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করার কাজ শুরু হয়েছে, যেন মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। দলের মধ্যে বিভেদ ভুলে রাঙ্গুনিয়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী ইউনিয়ন বিএনপির নেতা মো. খালেদ। স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মো. ইসহাক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজম খান, সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নূর, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হারুন।
এছাড়া সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সোলেমান কালু এবং মো. ইলিয়াস।
শেষে দেশের সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
