চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে বাস জব্দ, গ্রেপ্তার ১৩


চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় মাথায় সাদা কাপড় বেঁধে আকস্মিক মিছিল করার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি বাসসহ লাঠি ও ইট জব্দ করা হয়।

শুক্রবার সকালে এই মিছিলের পর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যে বাসে করে এসেছিল, পুলিশ সেগুলোও জব্দ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শুক্রবার সকালে নেতাকর্মীরা মাথায় সাদা কাপড় বেঁধে দুটি বাসে করে এসে ওই এলাকায় মিছিল শুরু করে।

খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা অলিগলি দিয়ে পালিয়ে যায়। পরে সিএমপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, সাকিবুল ইসলাম, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা, যীশু দাশ, মো. সাইফুল আলম রুবেল, মো. শরিফুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিন্টু, মো. মনিরুল ইসলাম, মো. হান্নান, মো. জুনাইদুল আলম তাসনুপ এবং মো. ইরফান।

পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।