
চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া একই দিন উপজেলাটিতে গাছ থেকে পড়ে এক বাক্প্রতিবন্ধী এবং পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার খিরাম, নাজিরহাট ও নারায়নহাট এলাকায় পৃথক এই তিনটি ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত কৃষকের নাম জমির উদ্দিন (৪৫)। তিনি খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিরাম এলাকার তোফায়েল আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সর্তা বন বিটের আওতাধীন গহীন বনাঞ্চলে একটি শিকারি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। শনিবার কয়েকজন শিকারি সেখানে হরিণ শিকারে গেলে গুলিবিদ্ধ হন জমির উদ্দিন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।
খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ জানান, শিকারিদের ছোড়া গুলিতে একজনের মৃত্যু হয়েছে। সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ওই এলাকায় শিকারিরা প্রায়ই হরিণ শিকার করে। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শনিবার দুপুরে নাজিরহাট পৌরসভার আলমের ঘোনা এলাকায় জামগাছ থেকে পড়ে মোহাম্মদ আলমগীর (৪৩) নামে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গাছ থেকে ফল পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নারায়নহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামের পরাণপাড়া এলাকায় পুকুরে ডুবে সাইরা মনি নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাবার সঙ্গে দোকানে যাওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, নাজিরহাট ও নারায়নহাটে ঘটে যাওয়া দুটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
