চট্টগ্রাম শিল্পকলায় ১০ দলের অংশগ্রহণে জমকালো ‘নৃত্যনৈবেদ্য’


চট্টগ্রামের ১০টি সুপরিচিত নৃত্য সংগঠনের অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’। শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে ২০টি ভিন্ন গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে অংশগ্রহণকারী দলগুলো।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার।

উদ্বোধনী বক্তব্যে মানসী দাশ তালুকদার বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা ও মঞ্চনির্ভর পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও শিল্পপ্রেম জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, একটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে শিল্প-সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, প্রমা অবন্তী, ফজল আমিন শাওন, প্রিয়াঙ্কা বড়ুয়া, নেভী দাশ অথৈ, অন্তর দে, লাকী দে এবং রুবেল সিংহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শুভ্রা সেন গুপ্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী মো. জিয়া উদ্দীন, সংগীতশিল্পী অনামিকা তালুকদার এবং শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপের অ্যাডমিন ও নাট্যকর্মী ফোরকান রাসেলসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নৃত্যদলগুলোর মধ্যে ছিল কৃত্তিকা নৃত্যালয়, শুভঙ্করী ডান্স একাডেমি, সুরধ্বনি সংগীত বিদ্যালয়, আদিশঙ্কর নৃত্যকলা কেন্দ্র, সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, কল্পবৃক্ষ, নৃত্যেশ্বর নৃত্যালয়, রুমঝুম নৃত্যকলা একাডেমি এবং দীপশিখা নৃত্য গোষ্ঠী।

শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত এই পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।