
চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠুকে আহ্বায়ক করা হয়েছে।
নতুন এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া এবং প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু।
শনিবার বিকেলে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় মিরসরাই প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ নেবে।
এছাড়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে একটি সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি, একটি অর্থ উপ-কমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটিও গঠন করা হয়েছে।
