
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে চার ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা, দুটি চোরাই সিএনজি অটোরিকশা এবং একটি এক্সকাভেটর উদ্ধার করা হয়।
শনিবার গ্রেপ্তার হওয়া এই আটজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি জোরারগঞ্জ থানা এলাকায়।
পুলিশ জানায়, উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ পুরিয়া গাঁজাসহ রাকিব হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, চুরি হওয়া দুটি সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সক্রিয় সদস্য শাহিন সাজু শহীদ, জাবেদ হোসেন ওরফে রাব্বী এবং সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া মায়ের এটিএম কার্ড চুরি করে ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা খরচ করার অভিযোগে সাইদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পাশাপাশি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার একটি মামলায় চুরি যাওয়া একটি এক্সকাভেটর উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
