রাঙ্গুনিয়ায় শিক্ষকের ঘরে ঢুকে মারধর ও লুট, গ্রেপ্তার ১


চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতবাড়ির দরজা ভেঙে মারধর ও ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. রকিবুল ইসলাম প্রকাশ রকি (২৬)। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর সিকদার চক এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

মামলার বাদী এবং হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুস অভিযোগ করেন, একদল দুর্বৃত্ত দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে। এরপর তারা শিক্ষক আবদুল কুদ্দুস, তার স্ত্রী ও মেয়েকে মারধর করে ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুসের লিখিত এজাহারের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত মো. রকিবুল ইসলাম প্রকাশ রকিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।