অনলাইন জুয়া ও ডাকাতির প্রস্তুতি: চকরিয়ায় গ্রেপ্তার ৯


কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

চকরিয়া থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম মাছুম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একাধিক দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় দুজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, পরোয়ানাভুক্ত চারজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল আজিজ (২৬), হেলাল উদ্দিন (২২), সরওয়ার আলম (৪০), আনিছুর রহমান (২৮), আব্দুল কুদ্দুস (৩৮), জাফর আলম (৪৪), আবুল হাসেম (৩২), জাহিদ হাসান (২৫) এবং রবিউল হাসান (২৬)।

পুলিশ আরও জানায়, চকরিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে এই অভিযান চলছে। অপরাধ চক্রের সদস্য, পরোয়ানাভুক্ত আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের দখলকারী এবং ভাসমান বখাটেদের গ্রেপ্তারে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।