ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, ৫ দিন পরই দেশে ফেরার কথা ছিল


ছুটি নিয়ে দেশে ফেরার মাত্র ৫ দিন আগে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের যুবক শহীদুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (৪০)।

শনিবার রাতে ওমানের বেরুমিতে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত শহীদুল ইসলাম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর চতুর্থ ছেলে।

তার স্বজনদের বরাত দিয়ে আবু শাহাদাত সায়েম জানান, পরিবারের সচ্ছলতার আশায় দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে প্রবাসে এমব্রয়ডারির কাজ করতেন শহীদুল্লাহ। আগামী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা ছিল এবং এরই মধ্যে বিমানের টিকিটসহ সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি।

সায়েম আরও জানান, শনিবার রাতে দেশে থাকা স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা করে মার্কেট থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। দেশে ফেরা নিয়ে তার পরিবারে যে আনন্দ ছিল, এই দুর্ঘটনায় তা এখন পুরোপুরি বিষাদে রূপ নিয়েছে।

মিরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো. আবু নছর রিয়াদ জানিয়েছেন, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার দুর্ঘটনার এই বিষয়টি নিশ্চিত করেছেন।