
সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ আর রোগীর মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) ক্লাসরুমে পা রেখেছেন ৭০ জন তরুণ-তরুণী। সোমবার এই নবীন শিক্ষার্থীদের ‘স্বপ্নের যাত্রা’ শুরু হয়।
বিডিএস ২২তম ব্যাচের ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভবিষ্যতের এই ৭০ জন দন্ত চিকিৎসকের যাত্রা শুরু হয়েছে।
সকাল থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। নতুন ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। ১৯ জন ছাত্র এবং ৫১ জন ছাত্রীর মধ্যে ৪ জন ভর্তি হয়েছেন গরিব ও মেধা কোটায়।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ওমর গনি জানান, ওরিয়েন্টেশন শেষে নবীনরা ক্যাম্পাস ঘুরে দেখেন। আগামী ৫ বছর পর এই ৭০ জন শিক্ষার্থীই হবেন বিডিএস ডাক্তার।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই ওরিয়েন্টেশনে নবীনদের জন্য ছিল অনুপ্রেরণামূলক নানা দিকনির্দেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ (ড্যাশ)-এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও আইআইইউসির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি ডা. একেএম ফজলুল হক ও অধ্যাপক নুরুন্নবী বলেন, দন্ত চিকিৎসা একটি মানবিক পেশা। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও গুণগত শিক্ষার সমন্বয় থাকা জরুরি।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ বলেন, আগামী ৫ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে হবে।
ফিজিওলজি বিভাগের ডা. জোয়াইরিয়া রেজওয়ানা ও ডেন্টাল অ্যানাটমির ডা. ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও অভিভাবকরাও তাদের ত্যাগের গল্প শোনান। গরিব কোটায় ভর্তি হওয়া এক শিক্ষার্থীর বাবা আবেগাপ্লুত হয়ে তার সন্তানের স্বপ্নপূরণের কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে একাডেমিক নিয়মকানুন, ল্যাব ও ক্লিনিক্যাল কার্যক্রমসহ সার্বিক বিষয়ে ধারণা দেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন এবং সিআইডিসিএইচের পরিচালক অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানাটমির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিব খান, অর্থডন্টিকসের ডা. নোমান ফারুক এবং উপপরিচালক ডা. সরওয়ার কামালসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তারা।
