
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফুটবল বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সোমবার (৮ জুন) বিকেল ৪টায় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে দুই দলের শত শত সমর্থক ও দর্শকের উপস্থিতিতে মাঠের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্লোগান, পতাকা ও প্রিয় দলের জার্সিতে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্ধারিত ৬০ মিনিটের রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা ৩-৩ গোলে সমতায় শেষ করে। পরে টাইব্রেকারে ব্রাজিল ৪-৩ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ট্রফি জিতে নেয়।
ম্যাচের রেফারি সামির বাবু জানান, বিশ্বকাপ এলেই দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমর্থকদের বিনোদন দেওয়ার পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
বিজয়ী ব্রাজিল দলের অধিনায়ক মো. মনির হোসেন জানান, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে নানা ধরনের উত্তেজনা দেখা যায়। এই প্রীতি ম্যাচের মাধ্যমে সমর্থকদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা দলের অধিনায়ক মো. মোবারক হোসেন বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ রাখে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখে। এই আয়োজন সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং খেলাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে দূরে রাখবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, এ ধরনের আয়োজন পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখবে। খেলাধুলা তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।
আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে বিনোদন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যই এই আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
