মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪


বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা কখনো আনন্দের উপলক্ষ হয়ে আসে, আবার কখনো তা রূপ নেয় উত্তেজনায়। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আর্জেন্টিনার বিশ্বখ্যাত তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

এই ঘটনায় আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন নামে অন্তত চারজন আহত হয়েছেন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের কারও আঘাত গুরুতর না হলেও তাদের প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা নিজ নিজ দলের সমর্থনে ব্যানার, ফেস্টুন ও পতাকা টানান। এরই অংশ হিসেবে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। আর্জেন্টিনা সমর্থকেরা আপত্তিকর ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানালেও তা অপসারণ করা হয়নি। পরবর্তীতে রোববার গভীর রাতে ক্ষুব্ধ সমর্থকেরা ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

সোমবার দুপুরে সেই বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত উদ্যোগ নেন। রাতে অনুষ্ঠিত সালিশি বৈঠকে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিরোধ মিমাংসা করে। সমঝোতার ভিত্তিতে এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী জানান, মেসির ছবি সংবলিত ব্যানার নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। স্থানীয়ভাবে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।