দলীয় নাম ও পদ ব্যবহার না করে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতারা


শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মূলত সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা নেই। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, তাই এখানে কেউ দলের কথা বলবেন না। তবে কোনো ব্যক্তি যদি তার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নাম বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তখন সেটি সমস্যা হিসেবে দেখা হবে। এর বাইরে নির্বাচনের অন্যান্য শর্ত পূরণ করলে যে কেউ নির্দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন।

আওয়ামী লীগের পদ-পদবিধারী কেউ নির্বাচনে এলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে সংগঠনটির কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। তাই কেউ চাইলেও দলীয় পদ-পদবি ব্যবহার করতে পারবেন না।

তিনি আরও বলেন, ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনের সব শর্ত পূরণ করেন এবং অংশ নিতে চান, তবে তিনি অনায়াসেই তা করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।