
খাগড়াছড়ির দীঘিনালায় জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবী টাইগার্স) উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স ও বিস্কুট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন।
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। তিনি জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর মানবিক উদ্যোগেরই একটি অংশ।
এ সময় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, এমন জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
