
চট্টগ্রাম জেলার হাটহাজারীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ১৩ বছর বয়সী ভিকটিম নিজ বসতঘরের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
মামলার আসামিরা হলেন মো. রবিউল আলম, নুরুল আলম এবং মো. শাহাদাত। রবিউল আলম হাজী সোলায়মানের ছেলে, নুরুল আলম মোজাফফরের ছেলে এবং শাহাদাত সুলতানের ছেলে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
