
চট্টগ্রামের লোহাগাড়ায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ টিপু কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হেডফোনের কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা টিপুকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, টিপু মূলত সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
এদিকে, লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। সাংবাদিকদের কাছ থেকেই তিনি বিষয়টি প্রথম জেনেছেন।
