
চট্টগ্রামের হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনশান্তি বিনষ্ট করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এবং গুমানমর্দন ইউনিয়নের পেশকারহাট এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নজরুল, তপন আচার্য্য এবং মো. মামুন। মো. নজরুলের বাবার নাম ফছন মিয়া, তপন আচার্য্যের বাবার নাম মৃনাল আচার্য্য এবং মো. মামুনের বাবার নাম মাহামুদ মিয়া।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
জানা যায়, ওই এলাকাগুলোতে নেশাগ্রস্ত অবস্থায় মো. নজরুল, তপন আচার্য্য ও মো. মামুন জনশান্তি বিনষ্ট করছেন বলে তথ্য পায় প্রশাসন। এরপর দ্রুত সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় মো. নজরুল ও তপন আচার্য্যকে এক মাস করে এবং মো. মামুনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
