ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা। তিনি সাবেক মোহরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন। ওই ঘটনার ধারাবাহিকতায় ভাটারা এলাকায় সংঘটিত সহিংসতায় মাদ্রাসাশিক্ষার্থী নাজিম উদ্দিন নিহত হন।

ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

মাদ্রাসাশিক্ষার্থী নাজিম উদ্দিন নিহত হওয়ার এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরসহ আরও অনেককে আসামি করা হয়েছে।