সিএমপিতে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের যাত্রা শুরু


নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে চালু হয়েছে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে এই সেন্টারের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, এই সেন্টারের মাধ্যমে নাগরিকদের অনলাইন প্রতারণা, হ্যাকিং, ভুয়া আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার ধরন অনুযায়ী ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে।

সাইবার অপরাধের প্রমাণ হিসেবে স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে এই সেন্টার সহায়তা করবে। এছাড়া পাসওয়ার্ড সুরক্ষা, গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও এখান থেকে পরামর্শ দেওয়া হবে।

প্রয়োজনে ভুক্তভোগীদের সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা করবে এই রেসপন্স সেন্টার। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কাজও করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এবং প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাশাপাশি উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) কাজী মো. আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন এবং উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম-ভারপ্রাপ্ত) মোহাম্মদ বদিউজ্জামানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।