রাউজানে দুই দিনে ৫ গরু চুরি


চট্টগ্রামের রাউজানে দুই দিনের ব্যবধানে গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া এসব গরুর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি।

গত সোমবার ও মঙ্গলবার রাতে রাউজান সদর এলাকার হরিষখান পাড়া ও উপজেলার উত্তর গুজরা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সালাউদ্দিন পেশায় একজন গাড়িচালক। তিনি জানান, গভীর রাতে চোরের দল বাইরে থেকে তার বসতঘরের দরজায় তালা লাগিয়ে দেয়, যাতে তিনি বের হতে না পারেন। এরপর গোয়ালঘর থেকে প্রায় দুই লাখ টাকা দামের দুটি গরু চুরি করে নিয়ে যায়।

বাড়তি আয়ের আশায় গরু দুটি পালন করছিলেন সালাউদ্দিন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া এই গাড়িচালক রাউজান থানায় একটি অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

আরেক ভুক্তভোগী কামাল মিয়া জানান, সোমবার রাতে তারা হাসপাতালে ছিলেন। এই সুযোগে তার গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা দামের তিনটি গরু চুরি হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা এম এনাম হোসেন বলেন, সালাউদ্দিন অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভাড়ায় ট্যাক্সি চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। গরু চুরি হওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হলো।

এম এনাম হোসেন আরও অভিযোগ করেন, উত্তর গুজরা গ্রামসহ পুরো উপজেলাজুড়ে সম্প্রতি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে ইয়াবাসহ মাদক ব্যবসাও বেড়েছে। এতে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হতাশাজনক বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।