হাটহাজারীতে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক


চট্টগ্রামের হাটহাজারীতে নিজের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে রবিউল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বুধবার বিকালে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৮ জুন রাত আনুমানিক আটটার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকায় একটি কক্ষে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় পুলিশের একটি দল কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল আলমকে আটক করে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সব দিক বিবেচনা করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে পুলিশ সচেষ্ট রয়েছে জানিয়ে মাসুদ আলম আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে রবিউল আলমকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।