মিরসরাই উপজেলা কৃষকদলের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ


চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ।

আগামী ১৩ জুন মিরসরাই কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সামনে রেখে উপজেলার ১৬টি ইউনিয়নে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা।

সম্মেলনের দিন সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে। এরপর দুপুরে অন্তত ১০ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করেছে কৃষকদল।

আয়োজকরা জানান, দুপুর ২টা থেকে মূল সম্মেলন ও ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। মোট ৯৫০ জন ভোটার আটটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্মেলনে সভাপতি পদে লড়ছেন উপজেলা কৃষকদলের বর্তমান আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন (ছাতা), যুগ্ম আহ্বায়ক তৌহিদুদ্দোজা বা তৌহিদ উদ ভূঁইয়া (কাঁঠাল) এবং আরেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী করিম বাবলু (ফুটবল)।

সাধারণ সম্পাদক পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু দাউদ (আনারস) ও সাইফুল ইসলাম ফারুক (চেয়ার) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. বদিউল আলম বদরুলের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।

এছাড়া কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এবং চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

সভাপতি প্রার্থী মো. আশরাফ উদ্দিন নিজের জয়ের বিষয়ে আশাবাদ জানিয়ে বলেন, তিনি দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।

আরেক সভাপতি প্রার্থী তৌহিদ উদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক প্রার্থী আবু দাউদ দুজনেই তৃণমূল থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম জানান, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি তারা শেষ করেছেন।

সব মিলিয়ে কৃষক দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, মিরসরাই উপজেলার এই সম্মেলন সংগঠনটির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।