
আগামী ১৩ জুন শনিবার একদিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকালে বিমানে কক্সবাজার পৌঁছানোর পর চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এরপর পেকুয়া উপজেলায় নবগঠিত পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে এটিই তারেক রহমানের প্রথম সফর। তার এই আগমন ঘিরে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়ার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, সকালে কক্সবাজারে পৌঁছানোর পর পিএমখালী ইউনিয়নের পাতলী-মাঝারখালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়বে।
সফরের অন্যতম আবেগময় অংশ হিসেবে চট্টগ্রামে জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার সন্তান মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।
এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকালে চকরিয়া উপজেলা সদরের পৌর বাস টার্মিনাল মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। চকরিয়া উপজেলার চার লাখ মানুষ এই জনসভা থেকে অমিত সম্ভাবনার এই জনপদে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সফরসঙ্গী চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন পেকুয়া ও চকরিয়ার বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও গণসংযোগ চালানো হচ্ছে।
বুধবার সারাদিন এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর জনসভার মাঠ, মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণের স্থান, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির চৌধুরী।
এছাড়াও পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন, বিএনপি নেতা এএম আলী আকবর, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন এবং চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন লাল্টু।
