
চট্টগ্রামের পটিয়ায় রাতে কাঁঠাল খেয়ে ঘুমানোর পর সকালে মো. ইসরাফিল (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই ভেঙে পড়েছে পরিবার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসন্তান রেখে গেছেন, যাদের মধ্যে একজনের বিয়ে হয়েছে। বাকি কন্যাদের নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর স্ত্রীর।
বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. ইসরাফিল একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে মো. ইসরাফিল কাঁঠাল খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে প্রথমে তাঁর ছোট মেয়ে তাঁকে ডাকতে যায়। কোনো সাড়া না পেয়ে স্ত্রীও ডাকাডাকি করেন। কাছে গিয়ে স্ত্রী দেখেন, স্বামী নিথর হয়ে শুয়ে আছেন।
এরপর প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে কাঁঠাল খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, কাঁঠাল খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চিকিৎসকের মতামত বা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
মো. ইসরাফিলের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
