লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ


চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মৃত সালেহ আহমদের ছেলে রিয়াদুল ইসলাম (৩১) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটোরা এলাকার আলী হোসেনের ছেলে মনির হোসেন (৩৫)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহর নেতৃত্বে এসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালান।

সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ঠ-১১-৪৬৬২) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের অভিযোগে চালকসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার থেকে দেশের অন্যত্র পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দ করা পিকআপ ভ্যানটিও বর্তমানে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি রিয়াদুল ইসলাম ও মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক।