নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতে জোর


শতবর্ষ উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীর নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের ভিত্তি প্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি সালাউদ্দীন আলী এই ফটকের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দীন আলী জানান, শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা এই বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকারের ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামোগত এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক সৌন্দর্যে নতুন মাত্রা যুক্ত হলো বলে জানান তিনি।

প্রধান ফটক উদ্বোধনের আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম পরিচিতি ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, স্বপ্না চক্রবর্তী এবং মাওলানা ইব্রাহিম।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। নতুন এই ফটক বিদ্যালয়ের ঐতিহ্য হিসেবে শিক্ষার্থীদের দীর্ঘকাল অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।