চট্টগ্রামে ব্যাংকারের ব্যাগ ছিনতাই, খোয়া গেল ভল্টের চাবি


চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় চলন্ত রিকশা থেকে এক ব্যাংকারের হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া ব্যাগে নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং ব্যাংকের ক্যাশ ভল্টের চাবিসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জুন) রাতে কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যাংকার।

ভুক্তভোগী ব্যাংকারের নাম তানভীর আহমেদ চৌধুরী (৪০)। তিনি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের পটিয়া শাখায় কর্মরত আছেন এবং নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় বসবাস করেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে তানভীর আহমেদ চৌধুরী রিকশাযোগে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে তাঁর রিকশাটি কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হল থেকে ওয়াসাগামী পাকা রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা এক বা দুজন ছিনতাইকারী পেছন থেকে টান মেরে তাঁর সাথে থাকা হাতব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাই হওয়া ব্যাগের ভেতরে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের একটি রেডমি ও একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন, নগদ ১৮ হাজার টাকা, অফিসের ক্যাশ ভল্টের এক সেট চাবিসহ প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্টস ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিনের বক্তব্য জানা যায়নি।