অপরাধ দমনে বিশেষ অবদান, পুরস্কৃত জোরারগঞ্জ থানার ওসি


চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিটের মধ্যে মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে অসামান্য অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

বৃস্পতিবার (১১ জুন) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই পুরস্কার দেওয়া হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের তালিকায় স্থান পেয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান তার হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় জোরারগঞ্জ থানার ওসির পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলার আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা এই স্বীকৃতি লাভ করেন।

স্থানীয় সচেতন মহল এবং জোরারগঞ্জ থানার কর্মকর্তা-কর্মচারীরা ওসি আব্দুল হালিমের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

পুরস্কার পাওয়ার বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, এই অর্জন শুধু তার একার নয়, এটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার কথা জানান তিনি।

জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে নিরাপদ সমাজ গঠনে সবার সহযোগিতাও কামনা করেন এই পুলিশ কর্মকর্তা।