সাতকানিয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিল


চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল এলাকায় হঠাৎ করেই এই মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিল করে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। ভিডিও ফুটেজে মো. রিদুয়ানুল ইসলামকে মিছিলের সামনে থেকে স্লোগান দিতে দেখা গেছে।

মিছিলের এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পরে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। একই ভিডিও মো. রিদুয়ানুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতেও পোস্ট করা হয়েছে।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত সরে পড়ে এবং আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ছাত্রলীগের মিছিল হয়েছে—এমন তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন জানান, ছাত্রলীগ মিছিল করতে পারে এমন একটি আশঙ্কা থেকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।