
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মাহমুদুল হক মেম্বার স্মৃতি ফুটবল একাদশ ২-১ গোলে আবদুল হালিম মুন্সী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দীন আলী। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ এবং সদস্যসচিব মাস্টার আজম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক শহিদুল ইসলাম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, আলিফ হাসপাতালের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বাবুল, সাংবাদিক মো. খোরশেদ আলম শিমুল ও মোহাম্মদ হোসেন, মির্জাপুর খেলোয়াড় সমিতির সভাপতি মো. ইছহাক, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আবুল কালাম (মানিক), জাহেদুল আলম বাপ্পি, ডা. আজম, উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বখতিয়ার ইসলাম বাচ্চু।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
