কক্সবাজারে বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


কক্সবাজারে গিয়ে বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলার একটি ফ্লাইটে দীর্ঘ দুই যুগ পর কক্সবাজারে পা রাখেন প্রধানমন্ত্রী।

সফরের সূচনাতেই তিনি তাঁর বাবার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। পিএমখালীর এই পাতলী খালটি তারই অন্যতম সাক্ষী। ১৯৭৯ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন।

কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। যার প্রথম দফায় চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, দিনভর নানা কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।