
চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাঁদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় আহত শিশুটি এনি বড়ুয়ার ছেলে। তবে তার জখম গুরুতর নয়।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে এনি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। বাড়িতে এনি তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে এক নিকটাত্মীয়ের সঙ্গে এনি বড়ুয়ার পরিবারের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁদের অন্য স্বজনেরা সন্দেহ করছেন।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান আরও বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
