অপরিকল্পিত উন্নয়ন জাতির বোঝা, তা আর হতে দেব না: সিডিএ চেয়ারম্যান


জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং নগরের স্বার্থ রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব পালন করা এখন তাঁর সবচেয়ে বড় ইমানি দায়িত্ব।

রোববার (১৪ জুন) ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, সব সেবা সংস্থার একক লক্ষ্য হওয়া উচিত চট্টগ্রামকে ভালো কিছু দেওয়া। সমন্বিত উদ্যোগ ছাড়া এই নগরীর দীর্ঘদিনের সংকটগুলো সমাধান করা সম্ভব নয়। চট্টগ্রাম দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলেও জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়ের অভাব শহরের সম্ভাবনাকে ব্যাহত করছে।

এই সংকট উত্তরণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্যাস ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সিডিএ আগামী দিনে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

উন্নয়ন কর্মকাণ্ডের রূপরেখা তুলে ধরে ইঞ্জিনিয়ার বেলায়েত জানান, চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনভোগান্তি কমানো এবং টেকসই উন্নয়নের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। পাহাড় ও প্রকৃতি রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নাগরিক সেবা প্রাপ্তি সহজ করতে তিনি বদ্ধপরিকর।

নগর পরিকল্পনায় বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নগরকে বৈজ্ঞানিক ও যুগোপযোগী পদ্ধতিতে সাজাতে হবে। এ জন্য নগর পরিকল্পনাবিদ, পরিবেশকর্মী ও গবেষকদের পরামর্শ নিয়ে সিডিএ উন্নয়ন প্রকল্প হাতে নিতে চায়।

সবশেষে তিনি বলেন, অপরিকল্পিত উন্নয়ন উপকারের বদলে জাতির বোঝা হয়ে দাঁড়ায়, যা আর হতে দেওয়া হবে না। এই নগরকে ভালো কিছু দেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।