
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ায় আগামীকাল ১৬ জুন (মঙ্গলবার) থেকে ১০ দিনব্যাপী ১৭তম শোহাদায়ে কারবালা মাহফিল শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের মহাসচিব মো. নুরুল আমিন টিটু এবং শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মইনী।
লিখিত বক্তব্যে জানানো হয়, ১৬ থেকে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন মাগরিবের নামাজের পর দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকেরা জানান, কারবালার শিক্ষা এবং হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরতে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন আলেম, ইসলামী গবেষক, সাংবাদিক ও রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মাহফিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য এরই মধ্যে প্যান্ডেল নির্মাণ, সাউন্ড সিস্টেম, সুপেয় পানি, বসার স্থান ও নিরাপত্তার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে এই আয়োজন সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এম. সাইফুদ্দীন, মো. জসিম উদ্দীন, মো. ফয়েজ আহমদ মেম্বার, আরিফ উদ্দীন; পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান মো. আবুল কাশেম বয়ানী ও আব্দুল মান্নান; জয়নাল মেম্বার; যুগ্ম মহাসচিব মো. কাজী আব্দুল মুবিন ও মো. শরীফ; মিডিয়া সচিব মো. কাউসার আলম; সাংগঠনিক সচিব মো. শহীদুল ইসলাম ইবন; ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম কাদেরী; নাছির উদ্দীন শুকুর; নির্বাহী সদস্য জিয়া উদ্দীন এবং দপ্তর সচিব টিপু সুলতান।
