লোহাগাড়ায় ডলুখালে বালু উত্তোলন, অভিযানে সরঞ্জামসহ বালু জব্দ


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারঙ্গা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।

সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারঙ্গা এলাকার ডলুখালের তীরবর্তী স্থানে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

জানা যায়, জেলা এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ডলুখালের তীরবর্তী টিলা কেটে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল ইঞ্জিন, ৫০০ ফুট পাইপ এবং প্রায় ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি শ্যালো মেশিন বিকল করে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই সটকে পড়েন বালু উত্তোলনে জড়িত ব্যক্তিরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, প্রাকৃতিক পরিবেশ, পাহাড়-টিলা ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে ডলুখাল এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তাই প্রশাসনের এই অভিযান নিয়মিত চালানোর দাবি জানান তাঁরা।