সিএমপির পাঁচ থানায় নতুন ওসি, দায়িত্ব নেওয়ার দিনেই বদলি খুলশীর ওসি


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে এই রদবদল করা হয়েছে।

সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলি ও পদায়নের এই তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

এই রদবদলে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে খুলশী থানায়। বাকলিয়া থানার দায়িত্ব ছেড়ে এদিনই খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ সোলাইমান। কিন্তু দায়িত্ব নেওয়ার দিনেই তাঁকে এই পদ থেকে সরিয়ে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

তাঁর জায়গায় সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন এই আদেশে কর্ণফুলী থানার বর্তমান ওসি শাহীনুর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

চকবাজার থানার বর্তমান ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক করা হয়েছে। অন্যদিকে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে বদলি করে চকবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া তাঁর স্থলাভিষিক্ত হয়ে চান্দগাঁও থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন।