
চট্টগ্রামের রাউজানে খালার বাড়ির উঠান থেকে রাশেদ (৪২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশেদ পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মান্নানীয়া এলাকার মৃত বদরুজ দোজার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাউজান উপজেলার উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশে একটি বাড়ির উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
