
চলতি বছরের মে মাসে ক্লাসে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ৪৮০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন এবং মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।
জানা গেছে, শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত এই আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী ও বই তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হতে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন এই ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন।
মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এই উদ্যোগটি গত তিন বছরের ধারাবাহিক কার্যক্রমের অংশ। এতে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং বর্তমানে শিক্ষার্থীরা অনেক আগ্রহের সঙ্গে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকছেন।
তিনি আরও জানান, এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৪৮০ জন এই উপহার পেয়েছেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির জন্য তাঁরা অভিভাবকদের সব সময় তাগিদ দিয়ে থাকেন। অভিভাবকরা সচেতন হলে এই তালিকা আরও দীর্ঘ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মিরসরাই সদরে অবস্থিত এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠার পর থেকে উপজেলায় শিক্ষার প্রসারে অবদান রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে।
