চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ, সম্ভাবনা ১৫ মেগাওয়াট


চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের অংশ হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জাপানের প্রকৌশল প্রতিষ্ঠান জেএফই ইঞ্জিনিয়ারিং।

মঙ্গলবার নগর ভবনে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করে।

জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রকল্পটির পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। সমীক্ষা অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন উৎপন্ন প্রায় এক হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

আলোচনায় মেয়র শাহাদাত হোসেন বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, “বর্জ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ চট্টগ্রামের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।”

মেয়র আরও বলেন, প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন টেকসই নগর ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিরা জানান, জাপান-বাংলাদেশ পিপিপি প্ল্যাটফর্মের আওতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাপান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রাথমিক সম্মতিও পাওয়া গেছে।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে ইতিবাচক ফল পাওয়ায় দ্রুত মূল প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চান তারা।

সাক্ষাৎকালে জেএফই ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধি গেন তাকাহাসি, কেন্টা ওহাসি ও ভাস্কর সাহা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।