
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার মো. রায়হান (২৪) রাউজান উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা গুলি করে মাসুদের মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাস্থলে পড়ে থাকা তার মানিব্যাগ ও টাকা নিয়ে যায়। ওই ঘটনায় রায়হানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
র্যাবের ভাষ্য, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে নজরদারি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন রাত ১০টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার রায়হান রাউজান থানার একটি ডাকাতি প্রস্তুতি মামলারও তদন্তে প্রাপ্ত আসামি।
তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়হানকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
