
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে একটি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঘোরখানা এলাকার একটি মাদ্রাসা মিলনায়তনে কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এটি বাস্তবায়ন করছে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এবং অর্থায়ন করছে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তর।
কর্মশালায় হালদা নদীর উজান এলাকার কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ অর্ধশতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান।
এতে আরও বক্তব্য দেন পিডিবিএফের সহকারী প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, সাংবাদিক মো. রবিউল হোসেন, চিংওয়ামং মারমা মিন্টু, মাদ্রাসার সুপার লোকমান হোসেন এবং স্থানীয় কৃষক মো. কামাল হোসেন, এরশাদ আলী, আবদুল জলিল ও নাছির উদ্দীন।
আলোচনায় বক্তারা বলেন, হালদা নদী দেশের মৎস্যসম্পদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক উৎস। এখানকার মাছের পোনা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এবং মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, নদীর প্রাকৃতিক প্রজনন পরিবেশ, পানি ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে হালদা নদীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণও জরুরি।
