
চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদকে আবারও বদলি করা হয়েছে। সর্বশেষ দায়িত্ব গ্রহণের প্রায় এক মাসের মধ্যে তাকে শেখেরখীল ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মঈনুদ্দিন হাসানের সই করা ১৫ জুনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের সচিব রহিম উল্লাহকে সরল ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়েছে। আগামী ২৫ জুন থেকে এ আদেশ কার্যকর হবে।
এর আগে হারুনুর রশিদকে কাথরিয়া ইউনিয়নে বদলি করা হয়েছিল। পরে তিনি আবার সরল ইউনিয়নে দায়িত্বে ফিরে আসেন। সর্বশেষ বদলির পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতীতেও নানা অভিযোগে একাধিকবার বদলির পর হারুনুর রশিদ সরল ইউনিয়নে ফিরে এসেছিলেন। ফলে নতুন বদলির আদেশ কার্যকর হওয়ার বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল রয়েছে।
তবে বদলির কারণ সম্পর্কে অফিস আদেশে কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
