
চট্টগ্রামের হাটহাজারীতে ইটবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ ট্রাক হেলপার শাহীনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে চারিয়া এলাকার একটি ইটভাটার পাশের সড়ক দিয়ে অতিরিক্ত ইটবোঝাই ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার শাহীন নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন প্রাথমিক উদ্ধার তৎপরতা চালান। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে হাটহাজারী ফায়ার স্টেশনের সদস্যদের পাশাপাশি আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুপুর ২টার দিকে পুকুর থেকে শাহীনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুকুরের গভীরতার কারণে দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিস জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা হাটহাজারীর উদ্দেশে রওনা হয়েছেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, “মরদেহ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
