রাউজানে রহস্যজনক ফোনকলের পর নিখোঁজ, পরদিন মিলল লাশ


চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার একদিন পর স্বপন বড়ুয়া (৫৫) নামে এক স্কুল অফিস সহায়কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়া এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপন বড়ুয়া পশ্চিম বড়ুয়া গ্রামের মৃত বিমল বড়ুয়ার ছেলে। তিনি স্থানীয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরেন স্বপন বড়ুয়া। এরপর তার মোবাইল ফোনে একটি কল আসে। পরিবারের সদস্যদের তিনি জানান, একজন ব্যক্তি তাকে দেখা করার জন্য ডাকছেন। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি।

সারারাত পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বুধবার সকালে এলাকার এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে একটি বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় মেয়ে দোলা বড়ুয়া জানান, তার বাবার সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে এক ব্যক্তির বিরোধ ছিল। এছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বেতন বন্ধ থাকায় তিনি আর্থিক সংকটে ছিলেন। ব্যাংকঋণসংক্রান্ত কোনো বিষয়েও জটিলতা থাকতে পারে বলে পরিবারের ধারণা। তবে এ ঘটনায় তারা এখনো কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত ভান্তে বলেন, স্বপন বড়ুয়া ২০০০ সাল থেকে বিদ্যালয়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার তিনি পরদিনের জন্য ছুটি নিয়েছিলেন। পরে সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। ঘটনাস্থলে তার হাতে দুটি বিষের বোতল দেখা গেছে এবং মুখে রক্তের চিহ্ন ছিল বলেও তিনি জানান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।