৮ কার্যদিবসে বিচার সম্পন্ন: চট্টগ্রামে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড


চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (মহানগর) চট্টগ্রামের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী জানান, মামলা হওয়ার মাত্র ২৬ দিনের মাথায় এবং বিচারকাজ শুরুর আট কার্যদিবসের মধ্যেই এই দ্রুততম রায়টি দেওয়া হলো।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশুধর্ষণ মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এটি কেবল শারীরিক বা মানসিক ক্ষতি নয়, বরং সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে।

গত ২১ মে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মনিরকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রায় ঘোষণার পর শিশুটির মা জানিয়েছেন, আদালতের রায়ে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। তবে আসামির ফাঁসি হলে তাঁরা আরও বেশি খুশি হতেন।

অন্যদিকে, বুধবার চট্টগ্রামের আরেকটি আদালতে শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও খুনের আলোচিত মামলার রায় হয়েছে। ওই মামলায় আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস।