
চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী ববি আক্তারকে (৪৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত বক্সু মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের দুটি সংসার রয়েছে। প্রথম স্ত্রী চট্টগ্রাম শহরে বসবাস করেন। তার প্রথম সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী ববি আক্তার গ্রামের বাড়িতে বসবাস করেন এবং তাদের একটি মেয়ে রয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দ্বিতীয় স্ত্রী ও তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে সিরাজুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাগনে মো. বদিউল আলম অভিযোগ করে বলেন, “আমার মামার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দ্বিতীয় স্ত্রী ও তার স্বজনরা তাকে মারধর করেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
