যুদ্ধ বন্ধে ট্রাম্প ও পেজেশকিয়ানের ঐতিহাসিক সমঝোতা স্মারক সই


যুদ্ধ বন্ধের জন্য একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে প্রাসাদ ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, এটি সই হয়েছে এবং ভার্সাইতে মাত্রই তিনি এটিতে সই করেছেন।

বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।

ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে জানান, প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। এখন এই চুক্তির বাস্তবায়ন বা যাচাই করার সময় এসেছে।

মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে। অর্থাৎ দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুটি অবস্থানে থেকে এই সমঝোতায় সই করেছেন। এটি নিয়ে ইরানের কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্থানীয় সময় শুক্রবার দেশটির লুসার্ন হ্রদের পাহাড়ি এলাকায় একটি বিলাসবহুল হোটেলে চুক্তি সইয়ের অনুষ্ঠান হবে। সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ উপস্থিত থাকার কথা ছিল। তবে তার এক দিন আগেই দুই দেশ এতে সই করার কথা জানাল।

ইসমাইল বাঘাই ইরনাকে বলেন, যখন কোনো নথিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সই করেন, তখন সেটি লঙ্ঘনের মূল্য স্বাভাবিকভাবেই অনেক চড়া হয়। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ইরান চেয়েছিল বিষয়টি এভাবেই হোক।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সমঝোতা স্মারকের মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে পোস্ট দিয়ে বলেছেন, এখন এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি পড়ে শোনান।

এই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আলোচনার সময় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে এতে প্রত্যাশা করা হয়েছে।

এই সমঝোতা স্মারক সইয়ের পর এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়সীমা শুরু হবে।