
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ভিডিও ফটোগ্রাফারসহ দুই যুবককে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা।
আহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার মহাজনঘাটা এলাকার বিজন দাশের ছেলে রনি দাশ (৩০) এবং পটিয়া উপজেলার শোভনদণ্ডী রশিদাবাদ এলাকার মো. তানভীর (২৯)।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুজনকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার রাতে চন্দনাইশে একটি অনুষ্ঠান শেষে ভিডিও ফটোগ্রাফার রনি দাশ ও তাঁর সহযোগীরা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লার টেক এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা চাইনিজ কুড়াল দিয়ে রনির শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। একই সময়ে তানভীরকেও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
এ সময় পেছনের অন্য একটি মোটরসাইকেলে থাকা রনির বন্ধুরা এগিয়ে আসেন। এর আগেই ছিনতাইকারীরা রনির সঙ্গে থাকা মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে বন্ধুরা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত রনির ছোট ভাই ইমন দাশ জানান, তাঁর ভাই অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ চার-পাঁচজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা চিৎকার করারও সুযোগ দেয়নি।
তিনি আরও জানান, কুড়াল দিয়ে কোপ দেওয়ার পর রনি মাটিতে পড়ে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল, টাকা ও ভিডিও ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। রাতেই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
ব্যস্ততম এই মহাসড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় চালক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
