মিরসরাইয়ে মাটি কাটতে গিয়ে টিলা ধস, প্রাণ গেল কিশোরের


চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে টিলা ধসে মো. সায়েম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা কেনে। নিজের বসতভিটা ভরাটের জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েক দিন ধরে সে একাই মাটি কাটছিল।

বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি ফিরেছে।

নিহত সায়েমের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে সায়েম নামের এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।